আসন্ন নির্বাচনের আগে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মালয়েশিয়া। গতকাল সোমবার ঢাকাস্থ মালয়েশীয় হাইকমিশন এক পৃষ্ঠার দীর্ঘ সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়ানদের যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে। বার্তায় আরো বলা হয়েছে, ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর অবনতি ঘটতে পারে! এ অবস্থায় বাংলাদেশে থাকা মালয়েশিয়ানদের সদা সতর্ক থাকতে হবে। এ জন্য তাদের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপও নিতে হবে। অবশ্যই কে কোথায় আছে তা হাইকমিশনকে দ্রুত জানাতে হবে। পাসপোর্টের কভার পেজের ফটোকপি হাইকমিশনে জমা দিতে হবে।
এছাড়া নাগরিকদের উদ্দেশ্যে হাইকমিশন বলেছে, জামা-কাপড়, ওষুধ ও ব্যক্তিগত জিনিসপত্র সম্বলিত একটি ছোট্ট ব্যাগ প্রস্তুত রাখতে। যে কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত হাইকমিশনের ২৪ ঘণ্টার ইমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
