খাগড়াছড়ির রামগড়ের মাহবুবনগর এলাকা থেকে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে রামগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ফাতেমা বেগম গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যা। তিনি স্বামী পরিত্যক্তা ও দুই সন্তানের জননী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফাতেমা বেগম নিখোঁজ হন। সোমবার মাহবুবনগরের সেগুন বাগান থেকে লাশটি উদ্ধারের পর নিহত ফাতেমার ছেলে শাহজাহান এটি তার নিখোঁজ মায়ের লাশ বলে শনাক্ত করে ।
রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ফাতেমা বেগমের লাশটি প্রায় পচেগলে গেছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
