একটা জয় হন্যে হয়ে খুঁজছিল বাংলাদেশ। সাদা পোশাকে ধুঁকতে থাকা ছবিটা পরিবর্তনে মরিয়া ছিল দেশের ক্রিকেট। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ইনিংস ও ১০৬ রানের জয় স্বস্তির পরশ বইয়ে দিয়েছে সবার মাঝে। অনায়স জয়ের দিনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী এপ্রিলে এক ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবেন মুশফিকুর রহিম। নিরাপত্তা ঝুঁকির ভয়ে এর আগে পাকিস্তানের মাটিতে তিনটি টি-২০ ও প্রথম টেস্ট খেলতে যাননি তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি গতকাল আরো জানিয়েছেন, অবসর না নেওয়া মাশরাফি বিন মুর্তজার ওয়ানডে নেতৃত্ব নিয়ে আগামী মাসে বোর্ড সভায় সিদ্ধান্ত নিবে বিসিবি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের পর সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুমিনুল হক সরাসরি বলেছেন, পাকিস্তানে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে মুশফিককে চান। গতকাল তিনি বলেন, ‘অবশ্যই আমি মুশফিক ভাইকে চাই।’
তার আগে মাঠে দাঁড়িয়ে নাজমুল হাসান পাপনও বলেছেন, পাকিস্তানে যাচ্ছেন মুশফিক। গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা আশা করছি ও যাবে। শুধু সে না প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। যেটি আমি ব্যক্তিগভাবে মনে করি। প্রত্যেকের কাছেই নিজের কথা পরিবারের কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
মুশফিকের সিদ্ধান্ত পরিবর্তন হওয়া সম্পর্কে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে (পাকিস্তানে নিরাপত্তার কথা) তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। পাকিস্তান একটা ভিন্ন ইস্যু। আগে নিজে থেকেই মুশফিক বলেছে, কাউকে আমরা জোর করিনি। আমি মনে করি সবার সঙ্গে কথাবার্তা বললে ওর যাওয়া উচিত।’
বিসিএলে সেঞ্চুরি করে ফেরার পর জিম্বাবুয়ের সঙ্গে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। দারুণ ছন্দে আছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত ২০৩ রান করা মুশফিকের সার্ভিসটা পাকিস্তানেও পেতে যাচ্ছে বাংলাদেশ।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজই অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ বলছেন না বিসিবি সভাপতি। অধিনায়ক হিসেবে মাশরাফির ভবিষ্যত্ ঠিক হবে আগামী বোর্ড সভায়। গতকাল নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের পরবর্তী বোর্ড মিটিং যেটা পরের মাসেই হবে। যেদিন মিটিং হবে সেদিন সিদ্ধান্ত হবে। ও খেলবে কি, খেলবে না, অধিনায়ক থাকবে কি, থাকবে না সেটা বোর্ড মিটিংয়ের আগে বলতে পারছি না। এখন পর্যন্ত এই সিরিজে মাশরাফিই আছে।’
জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের সিরিজের পরই পাকিস্তানে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেই সিরিজে মাশরাফির নেতৃত্ব বহাল থাকবে কি না তাও ঠিক হবে বিসিবির বোর্ড সভায়।
