নিমন্ত্রণ পাননি সোনিয়া, যাননি মনমোহন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮

মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তায় রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যাননি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। চার দিন আগে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন মনমোহন সিং।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মনমোহন। রাষ্ট্রপতি ভবনকে এটাই জানিয়েছেন তিনি। তবে সূত্র বলছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়নি এই রাষ্ট্রীয় নৈশভোজে। সেই ক্ষোভ থেকেই সাবেক প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্ত নেন।

কংগ্রেস সূত্র জানিয়েছে, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফরে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক ভারতের ঐতিহ্য। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সফরসূচিতে এই বৈঠক নেই। এই অভিযোগে মঙ্গলবারের নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত নেন কংগ্রেস সংসদ সদস্য অধীররঞ্জন চৌধুরী এবং গুলাম নবি আজাদ। এই দুই সংসদ সদস্য, সংসদের উভয়কক্ষে কংগ্রেস সংসদীয় দলের নেতা।

ইত্তেফাক/এমআর