ফয়জুল আল আমীন
রিয়েলিটি শো ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন প্রতিযোগী আফরোজা রুপা এবার মালয়েশিয়ায় যাচ্ছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। গত ১৭ ফেব্রুয়ারি হোটেল র্যাডিসনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুনমুন আহমেদ, এমদাদ হক, অনন্ত জলিল ও বর্ষা। গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের রায় এবং দর্শকদের ভোটে সেরা দশ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন রুপা। প্রতিযোগিতার পরবর্তী ধাপের অংশ হিসেবেই তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। সেখানে ১৬টি দেশের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। সুমিকো স্পার্ক ইভেন্ট ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে থেকে ২৩ মে। আফরোজা রুপা প্রতিযোগিতার মূল আসরে বিজয়ী হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান প্রতি বছর মালয়েশিয়াতে ‘মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স’ মালয়েশিয়াতে এবং বিশ্বের অন্যান্য দেশে বিবাহিত ও অবিবাহিতদের জন্য প্রতযোগিতার আয়োজন করে থাকে। বাংলাদেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৯ সালের ২৯ অক্টোবর। অনলাইনে রেজিষ্ট্রেশন করা প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচন করা হয়। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম অডিশন রাউন্ড। যেখান থেকে ২৮ জনকে নির্বাচন করা হয়। এখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের প্রতিযোগিতার মধ্য দিয়ে ফাইনাল রাউন্ডে অংশ নেয় প্রতিযোগীরা।
