লাভলুর নতুন ধারাবাহিক ‘দি ডিরেক্টর’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০

র ফি কু ল  ই স লা ম

 

সম্প্রতি চ্যানেল আইয়ে প্রচার শেষ হয়েছে গুণী নাট্যনির্মাতা অভিনেতা সালাহউদ্দিন লাভলু পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘প্রিয় দিন প্রিয় রাত’। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ২৬ পর্বের একটি নতুন ধারাবাহিক নাটক। নাটকের নাম ‘দি ডিরেক্টর’। এতে নাম ভূমিকায় তিনি নিজেই অভিনয় করবেন। নাটকটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। নাটকটি নির্মিত হবে চ্যানেল আইয়ে প্রচারের জন্য। নাটকটির গল্প এবং কেন তিনি নিজেই নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন সে প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘সত্যি বলতে কি একজন পরিচালকের সহযোগিতায় শিল্পীরা তারকায় পরিণত হন। তারকায় পরিণত হয়ে অধিকাংশই অতীত ভুলে যান। আবার এখন এমনও দেখা যাচ্ছে যে মাত্র দু’তিনজন শিল্পীকে নিয়েই নাটক নির্মিত হচ্ছে হরহামেশা। এমন নানান সব বিষয়ই দি ডিরেক্টর নাটকের মূল বিষয়। কাজী শাহেদুল ইসলাম চমত্কারভাবে এসব বিষয় নাটকটিতে তুলে ধরেছেন। যেসব বিষয় আমি আলোকপাত করেছি, এসব বিষয় ছাড়াও মিডিয়ার আরো নানান বিষয় গল্পটিতে উঠে আসবে। আর আমি টানা ২৫ দিন একজন শিল্পীকে নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু টানা ২৫ দিন সিডিউল দেওয়ার মতো শিল্পী না পাওয়ায় আমি নিজেই নাম ভূমিকায় অভিনয় করছি। আমার বিশ্বাস দর্শকের মনের মতো একটি ধারাবাহিক নাটক উপহার দিতে পারব।’

সালাহউদ্দিন লাভলু জানান, আগামী ২ মার্চ থেকে শ্রীমঙ্গলে নতুন এই ধারাবাহিকের শুটিং শুরু হতে যাচ্ছে। চ্যানেল আইয়ের বিভিন্ন প্লাটফরমের শিল্পীরা মূলত এতে অভিনয় করবেন।