এবার সালমাদের অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে দারুণ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় পরাজয় দিয়েই শুরু করতে হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। আজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পাচ্ছে সালমা খাতুনের দল। 

ক্যানাবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে বাংলাদেশের এই দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সময় বেলা ২টায়।  এই বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিল অনুশীলন ম্যাচে ভালো করে মূল টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া। অনুশীলন ম্যাচে পাকিস্তানকে হারানোর ভেতর দিয়ে সে প্রস্তুতি ভালোই হয় বাংলাদেশের। পরে মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ রানে হেরে যায় বাংলাদেশ। 

অবশ্য এই হারে দল মুষড়ে পড়েনি বলে টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানালেন অস্ট্রেলিয়া থেকে। তিনি বললেন, ক্যানাবেরায় এখন দল ভালো আছে। ভালো অনুশীলন করেছে তারা। তারা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছে।

পাকিস্তান ও ইংল্যান্ডের জয়

এদিকে গতকাল বুধবারের খেলায় পাকিস্তান ও ইংল্যান্ড নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জিতেছে। পাকিস্তান ৮ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের। সে তুলনায় ইংল্যান্ডের ৯৮ রানের জয়টি ছিল দুর্বল থাইল্যান্ডের বিরুদ্ধে।

ইংল্যান্ডের জয়ে অবদান রাখে অধিনায়ক হিদার নাইটের প্রথম টি-২০ সেঞ্চুরিটি। তিনি ১০৮ রান করে অপরাজিত ছিলেন। এ সেঞ্চুরির মধ্য দিয়ে নারী ক্রিকেটে অনন্য নজির গড়লেন নাইট। কেননা এর মধ্য দিয়ে তিনি নারী ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি হাঁকানো প্রথম খেলোয়াড় হওয়ার নজির গড়লেন।

নাইটের প্রথম সেঞ্চুরি আসে টেস্ট ক্রিকেটে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেটি ২০১৩ সালের ঘটনা। এরপর ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান। তারপর এলো টি-টোয়েন্টির সেঞ্চুরিটি।