ময়মনসিংহের ফুলবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের জারাজীর্ণ ভবনে চলছে পরিবার পরিকল্পনা ক্লিনিকের কার্যক্রম। ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। নেই পানির ব্যবস্থা, বাইরে নেই কোনো সাইনবোর্ড। ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ বর্ধিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২২ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে। তার ১৯ বছর আগে বর্তমান উপজেলা পরিষদ চত্বরে ১৯৬৯ সালের ২৫ অক্টোবর ‘ফুলবাড়ীয়া থানা পরিবার পরিকল্পনা ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সরেজমিনে দেখা গেছে, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, নেই কোনো পানির ব্যবস্থা, ফ্লোর স্যাঁতস্যাঁতে। সেবা নিতে আসা শামছুর রহমান শামীম (৩০) বলেন, দীর্ঘদিন যাবত ফুলবাড়ীয়া সদরে থাকি কিন্তু এখানে স্বাস্থ্যসেবা পাওয়া যায়, আগে জানা ছিল না। তবে স্বাস্থ্যসেবার সঙ্গে পরিবেশটা গুরুত্বপূর্ণ, তাই দ্রুত এটিকে সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপ দেওয়া হলে মানুষের কল্যাণে কাজে লাগবে। কতর্ব্যরত পরিবার কল্যাণ পরিদর্শিকা মাহফুজা আক্তার বলেন, পানি নেই, তার পরও চাকরি করি। সেই হিসেবে জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছি। অনেকবার আমার অফিস ও নির্বাহী অফিসারকে (ইউএনও) বলেছি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মোরশেদুজ্জামান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তারা উপজেলা পরিষদের ভেতরের ক্লিনিকটির সংস্কার কাজ করবে না। আমি বহুবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় উক্ত ক্লিনিকের সংস্কার ও একটি নলকূপের কথা বলেছি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, উপজেলা প্রকৌশলীকে পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
