গ্যাস মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশে শিল্প কারখানা, বিদ্যুত্ উত্পাদন ও গৃহস্থালি কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেশে গ্যাসের সরবরাহ কমে আসায় তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে তা গ্যাসের গ্রিডে প্রবেশ করানো হচ্ছে। এই গ্যাসের দাম অনেক বেশি। তাই সরকারকে গ্যাসের দাম বাড়াতে হয়েছে। বর্তমানে মিটার বিহীন দুই চুলা ও এক চুলা আবাসিক গ্যাস গ্রাহকদের যথাক্রমে ৯৭৫ ও ৯২৫ টাকা বিল মাস শেষে গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে প্রদান করতে হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে গ্যাসের আবাসিক গ্রাহকদের আনা হচ্ছে প্রিপেইড মিটারের আওতায়। এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছে। বর্তমানে যে সমস্ত গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, তাঁরা প্রতি মাসে ৪০০ থেকে ৬০০ টাকার গ্যাস ব্যবহার করছেন। আর মিটার বিহীন গ্যাস গ্রাহকদের লাগছে প্রতি মাসে অতিরিক্ত ৪০০-৫০০ টাকা। তাই গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত সারা দেশে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিপেইড মিটার সংযোগধারী গ্রাহকরা গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হবেন এবং সার্বিকভাবে দেশের এই মূল্যবান প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ হবে।
এম আই করিম
কাঁচিঝুলি, ময়মনসিংহ
