সানরাইজার্সের নেতৃত্বে ফিরছেন ওয়ার্নার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

স্পোর্টস ডেস্ক

আসন্ন আইপিএলের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২৯ মার্চ শুরু হবে আইপিএল। গত দুই আসরে দলটির নেতৃত্ব দিয়েছিলেন কেন উইলিয়ামসন। ২০১৮ সালে উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়েছিল বল টেম্পারিং ইস্যুতে ওয়ার্নার নিষিদ্ধ হওয়ায়।

দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে ধরা পড়েন স্টিভেন স্মিথ ও ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এই নিষেধাজ্ঞার কারণে আইপিএলেও খেলতে পারেনি ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও ২০১৯ সালে সানরাইজার্সের নেতৃত্ব দেয়া হয়নি এই অস্ট্রেলিয়ানকে। দুই বছর আবার সানরাইজার্সের অধিনায়কের দায়িত্বে ফিরছেন এই বাঁহাতি ওপেনার।

উইলিয়ামসনের অধীনে গত দুই আসরে শিরোপা পায় সানরাইজার্স। ২০১৮ সালে ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে। সর্বশেষ আসরে এলিমিনেটর ম্যাচে দিল্লির কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি। কিউই অধিনায়কের অধীনে ২৬ ম্যাচে ১৪টি জয় পেয়েছিল তারা।