ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
শহিদ সেলিম ও কাজী দেলোয়ারের ৩৫তম শাহাদতবার্ষিকী আজ শুক্রবার। ১৯৮৪ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলনে মিছিলে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র ঢাকার ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাকচাপায় শাহাদতবরণ করেন। দিবসটি পালন উপলক্ষ্যে শহিদ কাজী দেলোয়ারের পিরোজপুরের ভাণ্ডারিয়ার উত্তর পৈকখালী গ্রামের বাড়ি শহিদ কাজী দেলোয়ার হোসেন হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে কোরানখানি, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া, মিলাদের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। তাদের স্মরণে ঢাকার সোনারগাঁও রোড হাতিরপুল (প্লাটিনাম জিম সংলগ্ন) ফিকামলি সেন্টারে আজ বিকালে ঢাকাস্থ শহিদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা ঐক্যমঞ্চের সভাপতি রুহুল আমীন মজুমদার এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ কে এম এ আউয়াল।
