আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সম্রাট-পাপিয়াদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে। নইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন নষ্ট হয়ে যাবে, গণতন্ত্র বিপন্ন হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘সাংস্কৃতিক জাগরণ ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকা এবং আমাদের প্রধানমন্ত্রী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমরা যখন এরশাদবিরোধী ও খালেদা জিয়াবিরোধী আন্দোলন করেছিলাম তখন তো মাঠে সম্রাট-পাপিয়াদের খুঁজে পাওয়া যায়নি। ওয়ান ইলেভেনের দুর্দিনের সময়ও তাদের দেখা মেলেনি। এখন এক জন সম্রাট জাহাঙ্গীর হয়ে গেছে, এক জন লাঠি হাতে ফুলন দেবি হয়েছে। এসব রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে রাজনীতিবিদদের প্রতি অশ্রদ্ধাবোধ তৈরি হচ্ছে।’
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, সাবেক আইজিপি ও কলামিস্ট এ কে এম শহীদুল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব-১ অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব-২ সৌরভ জাহাঙ্গীর প্রমুখ।
