ভারতের বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশি উহান থেকে দিল্লিতে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০

নতুন করোনা ভাইরাসের উত্সস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভারতের বিশেষ বিমানে করে দেশটির নাগরিকদের সঙ্গে ২৩ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশেষ বিমানটি দিল্লিতে অবতরণ করে। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভারতের বিশেষ ফ্লাইটে চীনের উহান থেকে ২৩ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। উড়োজাহাজটিতে ভারতীয়রাও ছিলেন। সবাইকে দিল্লিতে বিশেষ ব্যবস্থায় রাখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের

সতর্ক থাকার পরামর্শ

চীনের পর করোনা ভাইরাস দক্ষিণ কোরিয়ায় বিস্তৃত হচ্ছে। দেশটিতে অনেক বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, তবে এখনো কোনো বাংলাদেশি এই   ভাইরাসে আক্রান্ত হননি। এমন অবস্থায় দেশটির দেগু ও ছংদো এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

গত সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিরা সুস্থ আছেন এবং এখন পর্যন্ত কোনো বাংলাদেশি সংক্রমিত হননি। সেখানে বসবাসরত বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, আপনারা দক্ষিণ কোরীয় সরকারকে সহযোগিতা করুন।  কেউ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন মনে হলে আতঙ্কিত না হয়ে কেসিডিসি কল সেন্টার (১৩৩৯) এ জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন এবং স্থানীয় হাসপাতালে যোগাযোগ করুন। ভিসা সংক্রান্ত কোনো জটিলতা থাকলে দূতাবাসের নম্বরে ফোন করলেও সেবা পাওয়া যাবে। বাইরে বের হতে হলে অবশ্যই হাতমোজা, মুখোশ ( ফেস মাস্ক) এবং প্রয়োজনে সেনিতাইজের ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না এবং গণপরিবহন এড়িয়ে চলুন।