বিদেশ থেকে দেশে আসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করতে হবে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২২

চীনের উহান থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় খুব জরুরি না হলে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিদেশ থেকে দেশে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করারও পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, এখন থেকে বিদেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আমরা নিরুত্সাহিত করছি। এ ব্যাপারে সরকারিভাবে পদক্ষেপ নিতে একটি প্রস্তাবনা আগামী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ জানান, করোনা ভাইরাসে চীনের বাইরের দেশ আক্রান্ত হচ্ছে—এটা ভয়ংকর দিক। এ কারণে বাংলাদেশও ঝুঁকিপূর্ণ। তাই বিদেশ থেকে আসা ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা উচিত বলে তিনি জানান।

করোনা ভাইরাসের সংক্রমণ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে, বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী এ ভাইরাসটির প্রাদুর্ভাবে গত দুই মাসে অন্তত ২ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে, এদের মধ্যে ২ হাজার ৭৪৪ জন মারা গেছে চীনের মূল ভূখণ্ডে। দিন যতই যাচ্ছে ভাইরাসটির প্রাদুর্ভাব ক্রমেই একটি বৈশ্বিক মহামারির রূপ নিচ্ছে। প্রথমবারের মতো একদিনে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা চীনের ভেতরে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মার্কিন সরকারের কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিনিদের সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক কম। আমাদের অনেক অনেক ভালো প্রস্তুতি রয়েছে। বিজ্ঞানীরা দ্রুত ভ্যাকসিন তৈরির কাজ করছে। পরিস্থিতি মোকাবিলা করতে সমর্থ হবে যুক্তরাষ্ট্র।

বাহরাইনে এখন পর্যন্ত ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বাহরাইনের চার জন নারী ও তিন জন পুরুষ, দুই জন নারী সৌদি আরবের নাগরিক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ওমানে ৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন ও কুয়েতে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছিসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৫ জন। মারা গেছেন ১৫ জন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নির্ধারিত যৌথ সামরিক মহড়া বাতিল করা হয়েছে।

বুধবার চীনে নতুন করে ৪৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ভাইরাসটি এখন চীনের বাইরে প্রায় ৫০টি দেশে ছড়িয়েছে এবং এসব দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে মৃতের সংখ্যা ৫৮-তে পৌঁছে গেছে বলে জানিয়েছে সিএনএন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৭৬৬ জন আক্রান্ত হয়েছে ও ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার নতুন আক্রান্তের সংখ্যায় দেশটি চীনকে ছাড়িয়ে যায়। এ দিন এখানে ৫০৫ জন নতুন করে আক্রান্ত হন। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্যও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত নন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, উনি অন্য অসুস্থতা নিয়ে সেখানে গেছেন। সেই অসুস্থতার ধরন জানতে চাইলে তিনি বলেন, ২২৯-ই নামের যে ভাইরাসের কথা বলা হচ্ছে সেটা একটি সাধারণ সর্দি জ্বরের ভাইরাস। বস্ত্র ও পাট মন্ত্রাণলয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার জানান, বুধবার বঙ্গবন্ধু মেডিক্যালের কেবিন ব্লকে ভর্তি হয়েছেন মন্ত্রী। উনি এখন সুস্থ। বড়ো কোনো সমস্যা  হয়নি।

এপ্রিল পর্যন্ত জাপানের সব স্কুল বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত জাপানের সব এলিমেন্টারি, জুনিয়র হাইস্কুল ও হাইস্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে কেবিনেট মিটিংয়ের পর এই নির্দেশনা জারি করেছেন। 

এবার ইরানের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে হিমশিম খাচ্ছে ইরান। এরই মাঝে বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদমাধ্যমের ভাইস প্রেসিডেন্টের করোনা ক্রান্তের খবর জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিত্সকরা।