মিয়ানমারের সঙ্গে জার্মানির উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৯

রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে জার্মানির উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গার্ড মুলার। বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জার্মানির অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের খবর অনুযায়ী কুতুপালং শিবির পরিদর্শন শেষে রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আজ আমি অবর্ণনীয় ভোগান্তির শিকার নারীদের সঙ্গে কথা বলেছি। কুতুপালংয়ের বিশ্বের অন্যতম বড়ো এই শরণার্থী শিবিরে খড়ের তৈরি ঘরে আট লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের অবস্থা দেখে আমি বিমর্ষ। জাতিগত নির্মূলের এমন প্রয়াস এবং মানবতাবিরোধী এমন অপরাধ মেনে নেওয়া যায় না।

জার্মানির উন্নয়ন মন্ত্রী মনে করেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ না বাড়ালে দেশটি কখনোই রোহিঙ্গাদের ফেরত নেবে না। তিনি বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে তাদের জন্মভূমিতে ফিরিয়ে নেওয়া এবং এখনো সেখানে বসবাসরত রোহিঙ্গাদের মিয়ানমার নিরাপত্তা নিশ্চিত করছে না। মিয়ানমার যতক্ষণ পর্যন্ত এসব না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির সঙ্গে সব উন্নয়ন সহযোগিতা আমরা স্থগিত রাখব।

এদিকে কুতুপালং শিবির পরিদর্শন শেষে জার্মান সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ১ কোটি ৫০ লাখ ইউরো অর্থ সহায়তার ঘোষণাও দেন গার্ড মুলার। তিনি জানান, রোহিঙ্গা শিশুদের লেখাপড়া এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা (স্যানিটেশন)-র উন্নয়নে এ অর্থ খরচ করা হবে।