পাবনার আতাইকুলা থানাধীন মধুপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ভোরে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে পাবনা মধুপুর হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, আহত সকলকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সকলে ক্ষুদ্র ব্যবসায়ী। পাবনা হাজির হাটে মালামাল কেনার জন্য যাচ্ছিলেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক।
পাবনা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, দুইজন নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত তিনজনের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে একজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম
