মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে।
মঙ্গলবার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রিস্টান ধর্মপল্লীর লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯
প্রতিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। কর্মসংস্থানের পরিধি দিন দিন বেড়েই চলছে। আর এই ধারা অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে প্রতিমন্ত্রী তুমলিয়া খ্রিস্টান প্যারিস ধর্মপল্লীতে বড়দিনের কেক কাটেন।
ইত্তেফাক/জেডএইচ
