পুলিশ সুপার দৃষ্টান্ত তৈরি করিলেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

আমাদের সমাজে ও রাষ্ট্রে আইন অমান্য করিবার উদাহরণ ভূরি ভূরি। আইন মানিয়া চলিবার তুলনায় তাহা পাশ কাটানোর প্রবণতা কমবেশি অধিকাংশের মধ্যে কাজ করিয়া থাকে। আর উহা যদি হয় সড়কের ক্ষেত্রে, তাহা হইলে তো বলাই বাহুল্য—সড়কে নিয়ম না মানা, নৈরাজ্য সাধারণ বিষয়ে পরিণত হইয়াছে। এমন পরিপ্রেক্ষিতে যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি স্বতঃপ্রণোদিত হইয়া সড়কে আইন অমান্য করিবার ঘটনা আমলে নেন এবং যথাযথ আইনি ব্যবস্থা লইবার উদ্যোগ গ্রহণ করেন তখন উহা ব্যতিক্রম উদাহরণের সৃষ্টি করে। নিঃসন্দেহে এই উদাহরণ ইতিবাচক। ঘটনাটি ঘটিয়াছে ময়মনসিংহে। নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়ে পুলিশ সুপারের গাড়ি নিয়ম ভঙ্গ করিয়া দ্রুত গতিতে ও ডিভাইডারের কাটা অংশ দিয়া ইউটার্ন না করিয়া সরাসরি ডিভাইডারের উপর দিয়া নিয়ম অমান্য করিয়া চালাইয়া দেন। পুলিশ সুপার সঙ্গে সঙ্গে গাড়ি থামাইয়া পুলিশ সার্জেন্ট ডাকিয়া চালকের বিরুদ্ধে মামলা দায়ের করাইয়াছেন। জানা গিয়াছে, সোমবার রাত ৯টার দিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় যান পুলিশ সুপার, সেইখান হইতে তাহার সরকারি বাসায় ফিরিবার সময় এই ঘটনা ঘটে। আমরা দেখিয়া আসিয়াছি—রাজনৈতিক, প্রশাসনিক বা সমাজের অন্যান্য ক্ষেত্রের ক্ষমতাবান ব্যক্তিরা সাধারণত আইনের ফাঁকফোকর দিয়াই সুবিধা আদায় করিয়া নেন। রাস্তায় উলটা পথ দিয়া গাড়ি চালাইবার মতো আইনবহির্ভূত ঘটনাও আমরা অহরহ ঘটিতে দেখি। সেইখানে ময়মনসিংহের পুলিশ সুপারের এই ঘটনা একটি চোখে পড়িবার মতো বিষয়। এই ঘটনাকে আমাদের বিরল বলিতে হইতেছে কিন্তু ইহাই প্রাত্যহিক হওয়া উচিত ছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাইয়া সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় মামলা রুজু করা হয়, ড্রাইভারের লাইসেন্স জব্দ করে এবং বেপরোয়া গাড়ি চালাইবার জন্য তাহাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জানা গিয়াছে, উক্ত ঘটনা জানাজানি হইলে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমরা মনে করি, পুলিশ সুপারের এই উদাহরণ চালকদের মধ্যে সচেতনতার সৃষ্টি করিবে। তাহারা নিয়ম মানিয়া গাড়ি চালাইতে উদ্বুদ্ধ হইবে। কারণ, পুলিশ সুপার এই কাজটি করিয়াছেন অন্যদের নিকট উদাহরণ তৈরি করিবার জন্যই, যে আইন সকলের মানিয়া চলিতে হইবে। সড়কে শৃঙ্খলা ফিরাইয়া আনিতে ক্ষমতাবানদেরও সড়কের আইন মানিয়া চলিতে হইবে। এই ক্ষেত্রে আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত সকলকে আইন প্রয়োগে আরো যত্নবান হইতে হইবে। আমাদের জানা রহিয়াছে, অনেক ক্ষেত্রে সড়কে নিয়োজিতরা নিজেরাই অসত্ উপায় অবলম্বন করিয়া চালকদের ছাড় দিয়া থাকেন; ফলে এই সকল কারণেও সড়কে শৃঙ্খলা ব্যাহত হইয়া থাকে। চালকদের যেমন দক্ষতা যাচাইয়ের পরীক্ষা যথাযথভাবে গ্রহণ করিতে হইবে তেমনি তাহারা যেন মালিকপক্ষ দ্বারা আইন অমান্য করিতে বাধ্য না হন, তাহাও নিশ্চিত করিতে হইবে। সর্বশেষ ময়মনসিংহের পুলিশ সুপারের এই দৃষ্টান্ত সারাদেশে আরো সৃষ্টি হোক সেটাই আমাদের কামনা।