আগুনে ফর্মে থাকা রবার্ট লেভান্ডোভস্কির চোট বড়ো ধাক্কাই হয়ে এসেছে বুন্ডেসলিগা শিরোপাধারী বায়ার্ন মিউনিখের জন্য। গত বুধবার রাতে চেলসির বিপক্ষে ম্যাচে সের্জ গেনাব্রির জোড়া গোলে জোগানসহ নিজেও একবার লক্ষ্যভেদ করেছিলেন পোলিশ এই স্ট্রাইকার। এরপরই চোটে পড়েন তিনি। জানা যাচ্ছে, চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ৩৯ গোল করা এই ফরোয়ার্ড গোড়ালির চোটের কারণে খেলতে পারবেন না প্রায় এক মাস। এ সময়ে হফেনহেইম, শালকে, অগসবুর্গ, ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলবে দল। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ফিরতি লেগেও খেলতে পারবেন না তিনি। চলতি মৌসুমে বায়ার্নের ৪৫ শতাংশ গোলে সম্পৃক্ত আছেন লেভান্ডোভস্কি। এমন গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে হারানোর ফলে কঠিন সময়ই অপেক্ষা করছে ব্যাভারিয়ানদের সামনে।
