ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির অভিযোগে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের এমপি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী শহিদ ইসলাম পাপলুর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার কমিশনের নিয়মিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান তদারকির জন্য দুদকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, কমিশন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, পাপলুর বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহককে লোন বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থপাচার ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের ওই চিঠির সঙ্গে ১৭৪ পাতার নথিপত্র যোগ করা হয়েছে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
