রাবিতে ৪৮ ঘণ্টার অনশনে অসুস্থ ৪২ শিক্ষার্থী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির ৪৮ ঘণ্টায় অসুস্থ হয়ে পড়েছেন ৪২ শিক্ষার্থী। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অসুস্থদের কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বিভাগের অন্য শিক্ষার্থীরা। এছাড়া কেউ একটু সুস্থ হলেই আবার অনশন কর্মসূচিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন         কর্মসূচি পালন করেন বিভাগটির শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার সকাল ১০টা থেকে বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে স্যার জগদীশচন্দ্র বসু ভবনের সামনে আমরণ অনশনে বসেন ঐ বিভাগের শতাধিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য বৃহস্পতিবার ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরে আসেন। এদিন দুপুরে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান অনশনস্থলে যান এবং আগামী সোমবার জরুরি সভা ডেকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দিয়ে অনশন স্থগিতের নির্দেশ দেন। এদিকে শিক্ষার্থীরা জানান, উপাচার্য ও বিভাগীয় সভাপতির যৌথ লিখিত ছাড়া তারা কর্মসূচি চালিয়ে যাবেন। শুধু মৌখিক প্রতিশ্রুতিতে তারা কর্মসূচি স্থগিত করবেন না।

এ সম্পর্কে ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান হচ্ছেন উপাচার্য স্যার। তাদের উচিত ছিল উপাচার্য স্যারের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন স্থগিত করা। প্রক্টর লুত্ফর রহমান বলেন, সিনেট ভবনে আগামী ২ মার্চ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন এই সম্পর্কে আলোচনা করবেন।