এনডিটিভি
ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর দিল্লির সহিংসতা নিয়ে মন্তব্যের জবাবে শুক্রবার বলেছেন, ‘দয়া করে আমাদের রাজধর্ম শেখাবেন না। কেন না বিরোধী নেত্রীর কোনো প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারকে কর্তব্য সম্পর্কে এ ধরনের জ্ঞান দেওয়ার।’
আইনমন্ত্রী বলেন, ‘যেখানে কংগ্রেসের রেকর্ড নিয়েই প্রশ্ন রয়েছে, সেখানে সোনিয়া গান্ধীর এ ধরনের মন্তব্য কাঙ্ক্ষিত নয়। কেন না দ্রুত বিক্ষোভ ছড়ানো ও ভোটের রাজনীতির জন্য নীতি পালটানোর রেকর্ড তাদের আছে। তিনি এক পর্যায়ে বলেন, ‘শ্রীমতি সোনিয়া গান্ধী দয়া করে এ ধরনের বক্তব্য থেকে বেরিয়ে আসুন।’ এদিকে বিজেপির সিনিয়র নেতা কপিল মিশ্রারও সমালোচনা করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘কপিল মিশ্রার বক্তব্যে দাঙ্গাকে আরো উসকানি দেওয়া হয়েছে। দল (বিজেপি) স্পর্শকাতর বিষয় নিয়ে এমন বক্তব্য গ্রহণ করবে না। এখন সময় একসঙ্গে শান্তি, ঐক্যের কথা বলার। তাই সিনিয়র নেতারা মিশ্রার এ বক্তব্যের নিন্দা জানিয়েছে। মূলত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দলীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর সোনিয়া গান্ধী বৃহস্পতিবার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার দায়িত্বে গাফিলতির জন্য সরিয়ে দেওয়া হোক। দিল্লির দাঙ্গার ‘নীরব দর্শক’ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার এবং কেন্দ্রীয় সরকার।’
কংগ্রেস তাদের স্মারকলিপিতে বলেছে, ‘আপনাকে (রাষ্ট্রপতি) দেশের সংবিধানের সর্বোচ্চ সম্ভাব্য দায়িত্ব দেওয়া হয়েছে। আপনিই সরকারের বিবেক রক্ষক হিসেবে এবং তাদের সাংবিধানকে দায়িত্ব মনে করিয়ে দেওয়ার জন্য রাজধর্মের মূল স্তম্ভ। আপনার কথা সব সরকারকেই মানতে হবে।’ উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ-সহিংসতা চলছে। এতে এখন পর্যন্ত ৪২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক। গ্রেফতার হয়েছে পাঁচ শতাধিক মানুষ।
