নারায়ণগঞ্জে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৩

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

নারায়ণগঞ্জ বন্দরের ধামগড়ে অগ্নিদগ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক খুঁটির অংশ ভেঙে তারের স্পার্কে অগ্নিকাণ্ডে ২টি তুলার গুদামে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে গিয়ে তিনজন দগ্ধ হন।আহতদের মদনপুর আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, আনোয়ার হোসেন আনু (৪০), কাইয়ূম (৩৫) ও রাশেদ (৩০)। 

গুদামের মালিক হাজী আমজাদ হোসেন জানান, তার মালিকাধীন পদ্মা ট্রেডার্সের তুলা তৈরির কাঁচামাল ও ফোম রাখা ছিল। পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যতিক খুঁটির কাঠের অংশ ভেঙে গিয়ে তারে স্পার্ক হয়ে আগুন লেগে তার ২০ থেকে ২৫ লাখ টাকার মাল পুড়ে যায়। অগ্নিকান্ডে তার তিন কর্মচারী অগ্নিদগ্ধ হন। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

এ ব্যাপারে মদনপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন খান বলেন, ‌‘আমরা খুঁটির কাজ দ্রুত শেষ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব।’

আরো পড়ুনঃ চিত্রনায়ক ফারুকের প্রার্থীতা স্থগিত চেয়ে হাইকোর্টে পার্থ 

বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, ‘গুদামে ফোম থাকায় আগুনে ফোম গলে লাভায় পরিনত হয়ে যাওয়ায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়েছে। তবে আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি।’

ইত্তেফাক/কেকে