চট্টগ্রাম বিমানবন্দরে দুই ফ্লাইটে ৩৫ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে দুটি ফ্লাইটের ১১ জন যাত্রীর ব্যাগেজ থেকে ৩৫ লাখ টাকার সিগারেট জব্দ করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে পৌঁছানো দুটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি ১৪৮’ যাত্রী মোহাম্মদ ইকবাল কবিরের কাছ থেকে ১৪৫ কার্টন, সাইফুল ইসলাম ও মো. সুমনের কাছে ২৮০ কার্টন করে ইজি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ২ হাজার টাকা হিসেবে এসব সিগারেটের দাম ১৪ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি ১২৮’ ফ্লাইটের যাত্রী মো. সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের কাছে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ২০ কার্টন করে, আবদুল আজিমের কাছে ৩০ কার্টন, কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন ও পরিত্যক্ত অবস্থায় ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়। এসবের বাজারমূল্য ২১ লাখ টাকার বেশি।