থমথমে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩

দিল্লিতে সহিংসতা আপাতত থেমেছে। তবে পরিস্থিতি থমথমে। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। সহিংসতার তদন্তে সরকার দুটি বিশেষ তদন্ত দল এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১২৩টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৩০ জনকে। গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সহিংসতার মধ্যেও ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালও বলেছেন, কারো নাগরিকত্ব কেড়ে নিতে নয়, প্রতিবেশী দেশে সহিংসতার শিকার মানুষদের নাগরিকত্ব দিতেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) করা হয়েছে। দিল্লি কিছুটা শান্ত হতেই সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে। পুলিশ জানায়, দিল্লির সহিংসতার ঘটনায় ইতিমধ্যেই ১২৩টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৩০ জনকে। গোটা উত্তর-পূর্ব দিল্লি যেন ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। থমথমে দিল্লিতে ঘর থেকে বের হতে অনেকে ভয় পাচ্ছেন। দাঙ্গায় নিহতদের পরিবারপিছু ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গতকাল অবশ্য দোকানবাজার কিছুক্ষণ খোলা রাখতে কোথাও কোথাও কারফিউ শিথিল করা হয় কয়েক ঘণ্টার জন্য। গত রবিবারের পরেই অ্যালার্ট জারি হয়েছিল গুরুগ্রামে। গতকাল জুমার নমাজের প্রাক্কালে সেই অ্যালার্ট আরো কঠোর করা হয়। নিরাপত্তার কথা ভেবে সিএএর বিরুদ্ধে হিংসার ঘটনায় কারা কারা জড়িত, কারা অর্থ জোগাচ্ছে তা খুঁজে বের করতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে। তদন্ত কমিটির কর্মকর্তারা গতকাল অভিযুক্ত আপ নেতা তাহির হুসেনের বাড়িতে যান। তিনি সহিংসতায় মদত দিয়েছিলেন বলে অভিযোগ আছে। যদিও তিনি সব অস্বীকার করেছেন। এদিকে মহারাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিমদের জন্য সংরক্ষিত রাখতে রাজ্যের জোট সরকার। শুক্রবার এই ঘোষণা দেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই আনা হবে সেই বিল।

সোনিয়া গান্ধীর তদন্ত দল গঠন

কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী সহিংসতায় ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্ব দিল্লির এলাকাগুলো পরিদর্শন এবং পরিস্থিতির মূল্যায়ন করে তাকে প্রতিবেদন দেওয়ার জন্য একটি পাঁচ সদস্যের টিম গঠন করেছেন। দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদেরকে। এই প্রতিনিধিদলে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুুল ওয়াসনিকও।