এনআরসি, সিএএ নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে বিশ্বভারতীর বাংলাদেশি ছাত্রী আফসারা অনিকা মিমকে ভারত ছাড়ার যে নির্দেশ সরকার দিয়েছে তার বিরুদ্ধে আইনি লড়াই করবেন প্রতিষ্ঠানটির অধ্যাপকরা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর সঙ্গে তারা আলোচনাও শুরু করেছেন। বাংলাদেশের কুষ্টিয়ার মেয়ে মিম এরই মধ্যে নির্দেশটি পুনর্বিবেচনার জন্য কলকাতায় বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয়ে আবেদন করেছেন।
এ নিয়ে কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট আইনজীবী শামীম আহমেদের মতে, নোটিশটি আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। কারণ, ভারত বিরোধী কোনো কাজের প্রমাণ বা নির্দিষ্ট কোনো বিষয়ের উল্লেখ নেই তাতে। ঐ ছাত্রীকে নিজের বক্তব্য পেশেরও সুযোগ দেওয়া হয়নি। তাই তিনি ঐ ছাত্রীকে আইনি সহায়তা দেবেন। বিশ্বভারতীর এক অধ্যাপক জানিয়েছেন, তারা মিমের পাশে আছেন। পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপক এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি মিমকে ভারতবিরোধী কার্যকলাপের অভিযোগে সেদেশের বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয় (এফআরএরও) দেশ ছাড়ার নির্দেশ দেয়।
