জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও লুটপাটের দুষ্টচক্রকে ধ্বংস করে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ-ক্ষমতার অপব্যবহারকারী-লুটেরারা ধরাছোঁয়ার বাইরে না—এটা প্রমাণ করতে হবে। ঝিকে মেরে বউকে শেখানো নয়, দুর্নীতির আসল বেগম ও সাহেবদের ধরতে হবে। জাসদের দুই দিনব্যাপী জাতীয় কাউন্সিলের গতকাল শুক্রবার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে উন্মুক্ত উদ্বোধনী অধিবশনে সভাপতির বক্তব্যে ইনু বলেন, দেশে রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধসহ অতীতের সব ঐতিহাসিক গণ-আন্দোলনে মীমাংসিত বিষয়সমূহকে অমীমাংসিত করার সব অপচেষ্টা বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী-সন্ত্রাসবাদী রাজনীতি ও তাদের পৃষ্ঠপোষক জামায়াত-বিএনপিকে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে।
উদ্বোধনী অধিবেশন আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কাউন্সিল প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মীর হোসাইন আখতার, যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম, উম্মে হাসান ঝলমল প্রমুখ। আজ শনিবার কাউন্সিল অধিবেশন। এতে আগামী তিন বছরের জন্য দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
