আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল শুক্রবার পৃথক বিবৃতিতে তারা এই দাবি জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরসি) কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা যুক্তিহীন ও একপেশে। ভোক্তাদের সব যুক্তিকে অগ্রাহ্য করে বিআরসি গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। বিদ্যুতের আরেক দফা এই মূল্য বৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর যেমন আর্থিক চাপ তৈরি করবে, তেমনি উত্পাদিত পণ্যমূল্যও বেড়ে যাবে। বিশেষ করে, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে জনজীবনের সংকট আরো বাড়াবে। একই সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতৃদ্বয় ঢাকা ওয়াসার ২৪.৯৭ শতাংশ ও চট্টগ্রামে ২৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধিরও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, বিদ্যুত্ ও পানির দাম বাড়ানোর ফলে শিল্প উত্পাদন, বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। কলকারখানা বন্ধ হয়ে যাবে। বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এক যৌথ বিবৃতিতে বলেন, জনগণের পকেট কাটতেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান লুটেরা সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করতে চায় না। জনগণের ওপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুত্সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করছে সরকার। সরকারের উন্নয়ন বুলির আড়ালে লুটপাটের মহোত্সবের কাহিনি এখন জনগণের মুখে মুখে। বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি সরকারের লুটপাটেরই অংশ মাত্র। এ সরকারের প্রতিটি নীতি হচ্ছে হরিলুটের নীতি। জনগণ মরে যাক তাতে সরকারের কিছুই আসে যায় না।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি এম এ খালেক ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এক বিবৃতিতে রোজার আগে বিদ্যুত্ ও পানির মূল্য বৃদ্ধির নিন্দা জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে তারা বলেন চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের উচ্চ হারে সাধারণ মানুষ প্রচণ্ড চাপের মধ্য দিয়ে দিনাতিপাত করছে।
এদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরীর সভাপতি আবুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ড. সুশান্ত দাস। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়। সমাবেশে ড. সুশান্ত দাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণাকে যুক্তিহীন ও একপেশে বলে অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান।
