শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব —নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৩

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ফান্ড গঠন করেছেন। গণমাধ্যম একটি শিল্প; এ শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অপরিসীম। এর আগে কোনো সরকার গণমাধ্যমের উন্নয়নে শেখ হাসিনার সরকারের মতো ভূমিকা পালন করেনি।

প্রতিমন্ত্রী গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ডিএসইসির সদস্যদের কৃতী সন্তানদের মেধাবৃত্তি ২০১৯ প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহ্মুদ  চৌধুরী বলেন, গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হয়ে যায়; এমন সংবাদ পরিবেশন করবেন না। সবসময় সত্যের সন্ধানে সত্যের সঙ্গে থাকবেন। দেশবাসী সমস্যায় পড়ে যায় এমন নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।

ডিএসইসির সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ডিএসইসির সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক প্রমুখ। প্রতিমন্ত্রী পরে ৩০ জন কৃতী সন্তানের হাতে ক্রেস্ট তুলে দেন।