সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, গণধোলাই খেয়ে হাসপাতালে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

সাভারে একটি খাবার তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মনির হোসেন (৩৮) নামের এক প্রতারককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে। 

সোমবার রাত সাড়ে ৭টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পৃথক দুটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। আটক মনির রাজধানীর মিরপুর এলাকার বিল্লাল শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে দলবল নিয়ে চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। 

সন্দেশ ব্যবসায়ী মো. আপন মিয়া বলেন, ‘আটক মনির হোসেন নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কিছুদিন আগে আমার কারখানায় এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমাকে জেল ও মোটা অংকের টাকা জরিমানার ভয়-ভীতি দেখায়। আমি বাধ্য হয়ে চল্লিশ হাজার টাকা তাকে দেই। সোমবার সন্ধ্যায় আবারও ওই চক্রটি আমার পাশের অপর এক ব্যবসায়ী আফজাল হোসেনের কারখানায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এঘটনায় বিষয়টি সন্দেহ হলে আমরা তাদেরকে আটকের চেষ্টা করি। বিষয়টি বুঝতে পেরে চাঁদাবাজরা দ্রুত গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এসময় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগীতায় সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় তাদেরকে ব্যারিকেড দেয়া হয়। সাথে থাকা ৪ সহযোগী পালিয়ে গেলেও ভুয়া ম্যাজিস্ট্রেট মনির হোসেনকে আটক করে গণধোলাই দেন জনতা।’

আরো পড়ুনঃ ‘হোয়াইট হাউজে আমি বড় একা’, টুইটে ট্রাম্পের আক্ষেপ
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এখলাস উদ্দিন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুয়া ম্যাজিস্ট্রেটকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়েছে। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/কেকে