সঠিক মূল্যে কম্পিউটার পণ্য ক্রয়-বিক্রয় এবং ওয়ারেন্টি নীতিমালা পরিপূর্ণ বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচ্যসূচি অনুসারে ২৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। কণ্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সস্মতিক্রমে মহাসচিব মোশারফ হোসেন সুমন ২০১৮ সালের কর্মকান্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন ২০১৭-১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।
বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. শাহিদ-উল-মুনীর, মোস্তাফিজুর রহমান তুহীন এবং আছাব উল্লাহ্ খান জুয়েলসহ সংগঠনের সাধারণ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
