গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দাখিলকৃত সাত প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে বিভিন্ন কারণে তিন জনেরটা বাতিল ও চার জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুজ্জামানের মনোনয়নপত্রে পাঁচ জন ভোটারের তথ্য যাচাইয়ে এক জন, সুলতানের দুই জনের স্বাক্ষর মেলেনি ও গোলাম মাহবুব রব্বানীর ৮ থেকে ১০ জন ভোটারের তথ্য ভুল আছে। যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন। আর মনোনয়নপত্র বৈধ হয়েছে উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মোস্তফা মুন্সি, বিএনপি মনোনীত মাহবুব আলম শাহিন, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম মণ্ডল এবং মোহাম্মদ আলী মিয়া। গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজামউদ্দন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম গত বছরের ১৭ অক্টোবর হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে উপ-নির্বাচনের কার্যক্রম শুরু হয়।
