ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত কমে যাচ্ছে। গতকাল রবিবার ৫০ ডলারের নিচে নেমে গেছে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর। আন্তর্জাতিক বাজারে ৪৯ দশমিক ৮৯ ডলারে বিক্রি হয়েছে গতকাল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমছে। চাহিদা কমায় দামে নেতিবাচক প্রভাব পড়ছে। গত সপ্তাহে দর কমেছে প্রায় ১৪ শতাংশ, যা ২০১৬ সালের পর সবচেয়ে বড়ো সাপ্তাহিক দরপতন। করোনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের উত্পাদন খাত। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধিতে বড়ো ধরনের আঘাত আসতে পারে।
