স্পোর্টস রিপোর্টার
রহমতগঞ্জকে হারাতে গিয়ে আবাহনীর সব পরিশ্রম ঢেলে দিতে হলো। তারপরও গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত ৫৫তম মিনিটে জীবনের গোলে আবাহনী ম্যাচ জিতল। ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে আবাহনী কোনো রকমে রক্ষা পেয়েছে।
তবে এই গোল নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিতর্ক উঠল। মামুনুলের সেটপিস। জীবন বক্সেও ভেতরে ওত পেতে ছিলেন। ফাঁকায় দাঁড়িয়ে হেড করলে বল রহমতগঞ্জের জালে জড়িয়ে যায়। রেফারি নাহিদ গোলের সংকেত দিতে দেরি করলেন। হাত তুলবেন কি তুলবেন না খানিকটা সময় নিয়ে গোলের সংকেত দিলেন। ততক্ষণে রহমতগঞ্জের ফুটবলাররা সহকারী রেফারির দিকে ছুটলেন। রহমতগঞ্জের ডাগআউটের লোকজনও সাইড লাইনে গেলেন। কয়েক জন গেলে রেফারি নাহিদকে ঘিরে ধরলেন। প্রতিবাদ করলেন। গোল বাতিলের প্রতিবাদ জানিয়ে কোনো লাভ হয়নি খেলা শুরু হয়ে যায়। গোলের পর খেলায় আরো উত্তেজনা ছড়াল। দুই দলের খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে গেলেও সেটা আর বাড়েনি। গ্যালারিতে গোল নিয়ে সমালোচনা। খেলা চলছে। আবাহনীর সমর্থকরা নীরব। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস দুই হাত তুলে আবাহনীর সমর্থকদের জাগিয়ে তোলার চেষ্টা করলেন। নীরব বসে না থেকে আওয়াজ তুলে খেলোয়াড়দের উত্সাহ দিতে বললেন। আবাহনী এই এক গোল ধরে রাখার চেষ্টায় লড়াই করল। নাইজেরিয়ান সানডে, হাইতির বেলফোর্ট, কিরগিজস্তানের এডগার, ব্রাজিলিয়ান মাইলসন সঙ্গে সোহেল রানা, মামুনুল, জীবনরা কোনোভাবেই দ্বিতীয় গোলের দেখা পেলেন না। রহমতগঞ্জও মরিয়া হয়ে গোল ফিরিয়ে দিতে চেষ্টা করেও পারেননি।
ক্ষুব্ধ রহমতগঞ্জ ফুটবলার কর্মকর্তারা। তারা বলছে সহকারী রেফারি মনির ঢালী অফসাইডের পতাকা তুলেছেন। কেন রেফারি নাহিদ সেটা উপেক্ষা করলেন। রহমতগঞ্জের সহকারী ম্যানেজার জামাল উদ্দিন গোলের ভিডিও দেখিয়ে দাবি করলেন অফসাইড ছিল।
আবাহনীর কোচ লেমস ড্রেসিং রুমে চলে গিয়েছেন। ব্রাজিলিয়ান মেইলসন বললেন, ‘গোলের ভিডিও দেখলে বুঝতে পারব অফসাইড ছিল কি না। দেখুন আসলে রহমতগঞ্জ ভালো দল। আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি।’
নিজেদের খেলায় আবাহনীও খুশি না। তারপরও তিন পয়েন্ট বলে কথা। আবাহনী আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। ফেডারেশন কাপ ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে আবাহনী টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল। তিন খেলায় আবাহনীর সাত পয়েন্ট।
আজকের খেলা :
শেখ জামাল ও আরামবাগ। ব্রাদার্স ও উত্তর বারিধারা। ৩টা ৩০ ও ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম। চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল (৬টা ৩০, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম)।
