বিমানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৩১

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহিদ কালাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে হাবিবুর রহমানকে ১ মার্চ ২০২০ দুদক কার্যালয়ে হাজির হয়ে তার বক্তব্য প্রদান করতে বলা হয়। সেখানে অভিযোগের ব্যাপারে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আসা অভিযোগের ব্যাপারে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়।