জাতীয় ভোটার দিবস আজ। দিবসটি সারাদেশে ব্যাপকভাবে পালন করছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার দিবসের মূল প্রতিপাদ্য হলো-‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব।’ এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা পৃথকভাবে বাণী প্রদান করেছেন। ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে আয়োজন করা হয়েছে বিশেষ টকশো।
এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে কমিশন। তবে আজ সীমিত আকারে এই কার্যক্রম শুরু করা হবে। ধীরে ধীরে তা বাড়ানো হবে বলে জানিয়েছে ইসি। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে সংবিধানিক প্রতিষ্ঠানটি।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভোটার দিবসে কিছুসংখ্যক নতুন ভোটারের হাতে স্মার্ট আইডি কার্ড তুলে দিতে চায় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এই কার্ড তুলে দেবেন।
ইসি কর্মকর্তারা জানান, দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ হতে একটি শোভাযাত্রা বের করা হবে। বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই কিছুসংখ্যক নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেবেন সিইসি।
