ঢাকা-১০ আসনের উপনির্বাচন

প্রতীক পেলেন প্রার্থীরা দূষণমুক্ত প্রচারণার অঙ্গীকার

আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:৩৪

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার। গতকাল রবিবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে নির্বাচনি প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের আগে এই উপনির্বাচনে দূষণমুক্ত নির্বাচনি প্রচারণার অঙ্গীকার করেন প্রার্থীরা। এছাড়া সমঝোতা স্মারকের আলোকে প্রচার-প্রচারণা করার বিষয়ে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেছেন, আশা করছি প্রার্থীরা সমঝোতা স্মারকের আলোকে প্রচারণা চালাবেন। নির্ধারিত নির্বাচনি ক্যাম্পে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করতে পারবেন। ২১ স্থানের বাইরে পোস্টার ঝুলাতে পারবেন না। পাঁচটির বেশি শোভাযাত্রা, তিনটির বেশি পথসভা করতে পারবেন না।

এ সময় আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ‘নৌকা’, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমকে ‘ধানের শীষ’, জাতীয় পার্টি-জাপার মো. শাহজাহানকে ‘লাঙ্গল’ এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমানের হাতে ‘ডাব’ প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এই আসনের সাবেক সংসদ সদস্য যেখানে কাজ শেষ করেছেন, আমি সেখান থেকে শুরু করব। বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বলেন, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে। উল্লেখ্য, আগামী ২১ মার্চ শনিবার এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।