মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালয় জাতীয়তাবাদী নেতা মুহিউদ্দিন ইয়াসিন। গতকাল রবিবার রাজপ্রাসাদে এক অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহের সামনে শপথ গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিশ্রুতি দিয়েছেন মুহিউদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিরোধিতা করেছেন। আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, মাহাথির দাবি করেছেন প্রধানমন্ত্রী হতে পর্যাপ্ত আইনপ্রণেতার সমর্থন তার পক্ষে রয়েছে। পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি তা প্রমাণ করবেন। গতকাল এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, আমি জনগণকে বলছি-আমার প্রতি সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন রয়েছে। আমি পার্লামেন্টে জরুরি অধিবেশন চাই। প্রধানমন্ত্রী হওয়ার জন্য মুহিউদ্দিন ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলেও মনে করেন তিনি।
গত সোমবার ৯৪ বছর বয়সি মাহাথির আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে দেশটিতে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। পরে রাজা তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ করেন। শনিবার দেশটির রাজা মুহিউদ্দিন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। মুহিউদ্দিন মালয়েশিয়ার সাবেক ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও)-র সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। মুহিউদ্দিন ইউএমএনওর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময় দেশটির উপপ্রধানমন্ত্রী ছিলেন। ২০১৫ সালে তাকে বরখাস্ত করা হলে তিনি মাহাথিরের নতুন দলে যোগ দেন।
