ব্যাটে-বলে তাইজুলের দিন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:০১

বিসিএলের এই শেষ রাউন্ডের প্রথম দিনটা রঙ্গীন করে রেখেছিলেন আব্দুর রাজ্জাক। গতকাল ব্যাট হাতে আলো ছড়ালেন তার দুই সতীর্থ এনামুল হক বিজয় ও আল আমিন জুনিয়র। দুইজনই সেঞ্চুরি করেছেন। এনামুল ১৫৫ রানে ব্যাট করছেন। অন্যদিকে আল আমিন ১১০ রান করে চোট পেয়ে অবসর নিয়েছেন।

দিনের অন্য ম্যাচ একা হাতে নিয়ন্ত্রণ করেছেন তাইজুল ইসলাম। ব্যাট হাতে দলের পুঁজি বড় করা ৩২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন তিনি ৬ উইকেট।

সিলেটে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলা অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পূর্বাঞ্চল। ৮ উইকেটে ৩৮০ রান নিয়ে দিন শুরু করেছিলো পূর্বাঞ্চল। বাকি ২ উইকেটে তারা যোগ করে আরো ৪৫ রান; অলআউট হয় ৪২৫ রানে।

দিনের প্রথমভাগে আফসোসে পুড়েছেন মাহমুদুল হাসান। আগের দিনের অপরাজিত এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৯৪ রান করে। আরেক অপরাজিত ব্যাটসম্যান জাকির হাসান করেছেন ৫৭ রান। গতকাল পূর্বাঞ্চলের স্কোরটাকে বড় করেছেন তাইজুল। তিনি ৪২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন।

জবাব দিতে নেমে মধ্যাঞ্চলের ওপেনার সাইফ হাসান আক্রমণাত্মক খেলা শুরু করেন। তিনি ৩১ বলে ২২ রান করে ফেরেন। এরপর কয়েকজন ব্যাটসম্যান শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার পিনাক ঘোষ ৫১ ও মিডল অর্ডারে মোসাদ্দেক ৫৭ রানের ইনিংস খেলেন।

মধ্যাঞ্চলের ইনিংসটা ধসিয়ে দেন তাইজুল একা। তিনি ৯২ রানে তুলে নেন ৬ উইকেট। এ ছাড়া নাঈম ৪৪ রানে ২ উইকেট নেন। গতকালই দ্বিতীয় ইনিংস শুরু করা পূর্বাঞ্চল ১ ওভারে ২ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে।

উত্তরাঞ্চল আগের দিন অলআউট হয়েছিলো ২৯৩ রানে। জবাবে আগের দিনই ৫ রানে প্রথম উইকেট হারিয়েছিলো দক্ষিণাঞ্চল। গতকাল বিজয় ও আল আমিনের দূরন্ত পাল্টা আক্রমণের আগে একটা ব্যাটিং ধসে পড়ে তারা। ৫৭ রানে তারা হারায় ৩ উইকেট। এরপর বিজয় ও আল আমিন ২৯৫ রানের বিশাল এক জুটি করেন। আল আমিন ১১০ রান করে আহত হয়ে অবসর নেন। অন্য প্রান্তে টিকে থাকা এনামুল এরপর মেহেদী হাসানকে নিয়ে জুটি করেন। মেহেদী ৮৪ রান করে আউট হন। সবশেষে নাহিদুলকে নিয়ে প্রতিরোধ করেছিলেন বিজয়। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ২৬ রান করে ফেরেন নাহিদুল।

আর এক প্রান্তে ১৫৫ রানের দূরন্ত এক ইনিংস খেলে অপরাজিত আছেন বিজয়। ২৮৩ বলের তার এই ইনিংসে ছিলো ১৩টি চার। 

সংক্ষিপ্ত স্কোর

পূর্বাঞ্চল—মধ্যাঞ্চল

পূর্বাঞ্চল-১ম ইনিংস: ৮৮.৫ ওভারে ৪২৫/১০ (মাহমুদুল ৯৪, মুমিনুল ৮২, ইমরুল ৭৮, জাকির ৫৭, ইয়াসির ৩৯, তাইজুল ৩২; তাসকিন ৪/৯৬, আবু হায়দার ২/৮৫, মোশাররফ ২/৯১, মোসাদ্দেক ২/৯৭)।

এবং ২য় ইনিংস: ১ ওভারে ২/০

মধ্যাঞ্চল-১ম ইনিংস: ৭২.১ ওভারে ২২৪/১০ (মোসাদ্দেক ৫৭, পিনাক ৫১, মজিদ ২৪, জাকের ২৪, সাইফ ২২; তাইজুল ৬/৯২, নাঈম ইসলাম ২/৪৪)।

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল

উত্তরাঞ্চল-১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৯৩/১০

দক্ষিণাঞ্চল-১ম ইনিংস: ৯৫.২ ওভারে ৪০৭/৫ (এনামুল ব্যাটিং ১৫৫, আল আমিন আহত অবসর ১১০, মেহেদী ৮৪, নাহিদুল ২৬; এবাদত ২/৫৯, সানজামুল ২/১১৮)।