মুজিববর্ষে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে নিম ফাউন্ডেশন

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৬:০৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উৎযাপন উপলক্ষে সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। সারাদেশের আঞ্চলিক সড়ক, মহাসড়ক, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় এসব গাছ রোপণ করা হবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম। এসময় নিম অর্গানিকের ডিরেক্টর অপারেশন লেফটেনেন্ট কর্ণেল (অব) সাঈদুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মুজিববর্ষে নিম ফাউন্ডেশন কেন এই উদ্যোগ নিয়েছে এই প্রশ্নের জবাবে ড. হাকিম বলেন, “আমরা হঠাৎ করে নয় ১৯৮৬ সাল থেকে এই সংগঠনের কার্যক্রম চলছে। শুধু নিম গাছ নয় ‘পঞ্চ ঔষধি গাছ আন্দোলন’ও এ ফাউন্ডেশন চালিয়ে আসছে। কর্মসূচির বিষয়ে বলবো- যিনি এদেশ আমাকে আপনাকে দিয়ে গেছেন। তাকে স্মরণ করতে এবং স্মরণীয় রাখতে এ উদ্যোগ নিয়েছি। সরকারের থেকে বিশেষ সুবিধা গ্রহণের জন্য নয়। আমি সাধারণ মানুষ ছিলাম, তাই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ উদ্যোগ সফল হলে আজীবন দেশের মানুষকে সুফল দিয়ে যাবে। মুজিববর্ষে এই ১০ লাখ ঔষধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। 

নিম ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ব্যতিক্রমী এ উদ্যোগই হবে মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার। যা দেশ জাতিকে সারাজীবন সুফল দিয়ে যাবে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের বলেন, গ্রামের তুলনায় নগর বাসি প্রকৃতি থেকে বেশি বঞ্চিত। আশা করছি নিম ফাউন্ডেশন তাদের কর্মসূচিতে নগরীকে বিশেষ গুরুত্ব দিবেন। 

ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বলেন, ঔষধি গাছকে বলা হয় গ্রামের ডাক্তার খানা। আধুনিকতার নামে আজ বাংলাদেশে ঔষধি গাছ বিলুপ্তির পথে। নিম ফাউন্ডেশন যে কর্মসূচি হাতে নিয়েছে তা প্রকৃতি ও জীবনের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে।

ইত্তেফাক/এসআই