বিনোদন রিপোর্ট
আরবান শ্রোতার মুখ থেকে সারাদেশে ইশতিয়াকের লেখা গান ছড়িয়ে গেছে মিনারের কণ্ঠে বেশ কবছর আগেই। গল্প উপন্যাস লেখালেখির পাশাপাশি নিয়মিত গীতিকাব্যের চর্চাও করছেন অনেক বছর। এবছর তার লেখা উপন্যাস ‘গতকাল’ও বিক্রির শীর্ষে ছিল বইমেলায়। পাশাপাশি টিভি নাটক ও তথ্যচিত্র নির্মাণেও বছরের ব্যস্ততম রুটিনের অনেকটা দিন চলে যায় তার।
এবারে এলো গীতিকবি ইশতিয়াক আহমেদের কথায় কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের প্রথম গান ‘তুমি’। জয় শাহরিয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেলে চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে গানটি। এরই ভেতরে গানটি কথা, সুর ও গায়কী নজর কেড়েছে দর্শক শ্রোতাদের। গানটি প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন,‘গান লেখার ক্ষেত্রে নিজস্ব ঢং তৈরি হয়েছে কিনা সেটা বলতে পারবো না। তবে আমি আমার মতো করেই ভাবনার প্রকাশ করে চলি। হয়তো এই ঢংটিই কিছু শ্রোতা ভালোবেসে ফেলেছে। ‘তুমি’ গানটিও সেরকম।’
গানটির সুরকার ও কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘ইশতিয়াক আহমেদের লেখার ভক্ত আমি অনেক আগে থেকেই। সেই ভালো লাগা থেকেই এই গানটির প্ল্যান। প্রথমত গানটির লিরিক আমার সবচেয়ে প্রিয়। সুর কেমন করেছি বা কেমন গেয়েছি সেটা শ্রোতারা জানবেন। তবে গানটি নিয়ে গুণী মানুষদের ভালো কিছু মন্তব্য পাচ্ছি, যা আমার জন্য অনুপ্রেরণার।’
ুউল্লেখ্য, জয় শাহরিয়ার তার ‘সত্যি বলছি’ গানটি দিয়ে তরুণ শ্রোতাদের ভেতরে নতুন এক দ্যোতনা তৈরি করেন।
