‘পুলসিরাত’ নিয়ে মঞ্চে আজাদ আবুল কালাম

আপডেট : ০২ মার্চ ২০২০, ২০:৪১

‘নাট্য পার্বণ ২০২০’

বিনোদন রিপোর্ট

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে নাট্যশ্রমের চার দশক ‘নাট্য পার্বণ ২০২০’ আয়োজিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। এর অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। নির্দেশনায় রয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বরেণ্য অভিনেতা আজাদ আবুল কালাম। নাটকের গল্পে দেখা যাবে ভাগ্য বিড়ম্বিত তিনজন মানুষ আবু কায়েস, আসাদ ও মারওয়ান। নিজেদের ভাগ্যান্বেষণের জন্য ফিলিস্তিন থেকে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চায়। তিনজন বয়সে এবং প্রজন্মে আলাদা হলেও এক জায়গায় মিল তারা সবাই উদ্বাস্তু। আবু কায়েস তার দুই সন্তান ও এক স্ত্রী রেখে বন্ুর পরামর্শে নতুন এক স্বচ্ছন্দময় স্বচ্ছল জীবনের প্রত্যাশা নিয়ে কুয়েত পাড়ি দিতে চায়। তার স্বপ্ন, তার সন্তানেরা স্কুলে পড়াশোনা করতে পারবে। বয়সের কারণেই হোক বা চরিত্রগত বৈশিষ্ট্যই হোক স্বভাবে বেশ নরম ও কিছুটা ভীতু স্বভাবের আবু কায়েস। তার ঠিক বিপরীত চরিত্রের আসাদ। আজাদ আবুল কালাম ছাড়াও এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ।