১০৬ নম্বর হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খারুয়া ১০৬ নম্বর হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে ঝুঁকিপূর্ণ পাঠদান। ভবনের ছাদ, বিম ও দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বিম থেকে লোহার রড বেরিয়ে গেছে। বৃষ্টি হলেই ভবনের ছাদ থেকে চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে। পলেস্তারা খসে পড়ে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমেদ বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে অত্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে আমরা পাঠদান করছি। শ্রেণিকক্ষ সংকটে জায়গা সংকুলান না হওয়ায় পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে। যদি দ্রুত একটি নতুন ভবন পাই তাহলে শিক্ষার্থীদের যথাযথ ও মানসম্মত পাঠদান নিশ্চিত হবে। এসব বিষয়ে শিক্ষা অফিসকে একাধিকবার অবহিত করেও কোনো সুফল পাওয়া যায়নি। সরেজমিনে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে পাকা ভবনে উন্নীত হয়। ২০০৮-০৯ অর্থবছরে পিইডিপি-৩ কর্তৃক দুই কক্ষবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হলেও এতে একটি অফিস কক্ষ ও একটি শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়। ফলে অন্য শিক্ষার্থীদের এখানে জায়গা সংকুলান হয় না। নিরুপায় হয়ে জরাজীর্ণ ভবনেই শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দি বলেন, জরাজীর্ণ অবস্থা এবং ভবন না থাকায় ছাত্রছাত্রী কমে যাচ্ছে। ভবন হলেই স্কুলের মান অনেক ভালো হতো এবং অনেক উন্নত দিকে নিতে পারতাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকি বলেন, ‘জরাজীর্ণ যেসব ভবন আছে সেগুলোর তালিকা করে নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন পাঠানো হয়েছে।’
