শ্যামা সুন্দরীর অবৈধ দখলদার ১৭০, উচ্ছেদ শুরু বৃহস্পতিবার

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:১৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীর প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল দখল ও দূষণ মুক্তকরণে আগামী বৃহস্পতিবার অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, শ্যামাসুন্দরী খালের চিহ্নিত অবৈধ দখল পুনরুদ্ধারে কাউকে ছাড় দেওয়া হবে না। খালের হাল জরিপে ১৭০ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

সোমবার দুপুরে নগরীর রঘুনাথগঞ্জ ডিসি বাংলো সংলগ্ন আর্কেডিয়া স্কুল চত্বরে অনুষ্ঠিত দখল মুক্তকরণে উচ্ছেদ পূর্ব মতবিনিময় ও অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মুজাহিদুল ইসলাম, আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান প্রমুখ।