স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর কাটাখালি থানার আশরাফের মোড় এবং কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলো পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের আরিফুল ইসলাম ওরফে আরিফ, কাজীরপাড়া গ্রামের ইনতাজ আলী, বরিশালের এয়ারপোর্ট থানার বাদলা এলাকার মমিনুর রহমান নীরব এবং নরসিংদীর শিবপুর উপজেলার তেলিকান্দা গ্রামের ইয়াছিন মিয়া। রবিবার সন্ধ্যার পর পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
