মাদক সেবন ও দায়িত্ব অবহেলার দায়ে পশ্চিম রেলের টিটিই চাকরিচ্যুত

আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:২০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

অসদাচরণ, দায়িত্বে অবহেলা ও মাদক সেবনের দায়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) মহিবুল হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার বিকালে এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) ফুয়াদ হোসেন আনন্দ জানান, মহিবুল হোসেনের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসদাচরণ, দায়িত্বে অবহেলা ও মাদক সেবনের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের জন্য নোটিশ ফর্ম ‘বি’ জারি করা হয়। নোটিশ ফর্ম ‘বি’ জারির পর শাস্তি আরোপের জন্য ‘টি আই (সি)’র দ্বারা তদন্ত করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মোট ৯টি শাস্তি চলমান। চাকরি জীবনে তিনি বহুবার সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছেন।