রোনালদোহীন জুভেন্তাসের আটলান্টা পরীক্ষা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:০৯

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে বড়দিনের রেশ কাটতে না কাটতেই মাঠে নামছে। ‘বক্সিং ডে’তে তাদের প্রতিপক্ষ আটলান্টা। এই ম্যাচের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছে না জুভেন্তাস। একই দিনে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান এবং ন্যাপোলি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে তুরিন ডার্বিতে জয়লাভ করেছিল জুভেন্তাস। ম্যাচ শেষে রোনালদোয় মুগ্ধতা প্রকাশ করে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি বলেছিলেন তিনি ‘দারুণ পেশাদার’। জানিয়েছিলেন রোমা, আটলান্টা কিংবা সাম্পাদোরিয়া ম্যাচের একটিতে বিশ্রাম দেবেন দলের সবচেয়ে দামি খেলোয়াড়টিকে।

রোমার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রাম পাননি রোনালদো, আটলান্টার বিপক্ষে আজকের ম্যাচটিতে বিশ্রাম পেতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

জুভেন্তাস কোচ অ্যালেগ্রি গতকাল সাংবাদিকদের এই ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছে না এই ম্যাচে। সে আমার সঙ্গে বসে খেলা দেখবে। সে প্রথমবারের মত এসেই ভালো খেলা উপহার দিচ্ছে, এখানে সে তার সেরা খেলাটাই দিচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্য ফেব্রুয়ারি-মার্চের দিকে তাকে সেরা ফর্মে রাখা।’

সিরি আ’তে এই মৌসুমে ১৭ ম্যাচের মাত্র একটিতেই পূর্ণ তিন পয়েন্ট অর্জনে ব্যর্থ হয়েছিল জুভেন্তাস। তবে বাকি ম্যাচগুলো জিতে সম্ভাব্য ৫১ পয়েন্টের মধ্যে ৪৯ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে অবস্থান করছেন রোনালদোরা। জুভেন্তাস ডিফেন্ডার আন্দ্রেয়া বনুচ্চি জানান তাদের পয়েন্ট খোয়ানোর সুযোগ নিতে অপেক্ষায় আছে শিরোপার দৌড়ে থাকা সিরি আ’র বাকি দলগুলো।

দলকে সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘এটা লিগের প্রতিযোগিতা সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত, প্রতিপক্ষরা আমাদের পা ফসকানোর অপেক্ষায় আছে। যাই হোক আমাদের নিজেদের ওপর আরও বেশি বিশ্বাস রাখতে হবে এবং প্রতিটি ম্যাচকেই ফাইনালের মতো করে খেলতে হবে।’

তার মতো জুভেন্তাসের বাকি সদস্যরাও বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন প্রতিটি ম্যাচকে। তাই রোমার বিপক্ষে জয়ের পরদিন থেকেই নেমেছেন অনুশীলনে, বড়দিনের সন্ধ্যাতেও আটলান্টার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত ছিলেন তারা। 

আটলান্টা সফরকে বেশ কঠিন আখ্যা দিয়ে দলের গোলরক্ষক অয়েচিখ সজেস্নি বলেন, ‘আটলান্টায় খেলাটা সবসময়ই কঠিন ব্যাপার। আমি কঠিন এক ম্যাচই আশা করছি।’

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না জুভেন্তাস গোলরক্ষক। সজেস্নির ভাষায়, ‘এই ম্যাচে আমাদের জয়টা গুরুত্বপূর্ণ কেননা মিলানে ইন্টার আর ন্যাপোলি নিজেদের মুখোমুখি হবে। আর তাই যদি আমাদের কাজটা আমরা সেরে রাখতে পারি তবে পয়েন্ট তালিকায় আমাদের অবস্থান আরও পাকাপোক্ত করতে সক্ষম হব আমরা।’

দলের মতো গোলমুখে দারুণ সময় কাটাচ্ছেন সজেস্নি নিজেও। ২৭ অক্টোবর এম্পোলির বিপক্ষে গোল হজমের পরে ছয়টি লিগ ম্যাচে আর কোনো বল ঢুকতে দেননি নিজেদের জালে। এ সময়ে দল খেলেছে ইন্টার মিলান, এসি মিলান, রোমা এবং তোরিনোর মতো দলের বিপক্ষে। বক্সিং ডে-তেও নিশ্চয়ই এ ধারা ধরে রাখতে চাইবেন জুভেন্তাস গোলরক্ষক!