পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা গোয়ালগছ সীমান্তে মহানন্দা নদীরপাড় থেকে মো. মোস্তফা (২৮) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ দিন পর রবিবার বিকেলে তেঁতুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি একই উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান গ্রামের মৃত নফিজুল ইসলামের ছেলে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কুলি শ্রমিক মোস্তফা গত ২৫ ফেব্রুয়ারি বাড়ি থেকে শালবাহানহাট বাজারে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। শালবাহানহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন বলেন, মোস্তফা ভারতে গিয়েছিল কেন তা জানা যায়নি। তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
