যক্ষ্মা শনাক্তকরণে ব্যতিক্রমী উদ্যোগ
ইত্তেফাক রিপোর্ট
যক্ষ্মা শনাক্তকরণে উন্নত প্রযুক্তি সংযোজিত ভ্রাম্যমাণ এক্স-রে গাড়ি চালু করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি) ও বেসরকারি সংস্থা ব্র্যাক। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরো বেগবান করতে এনটিপির আওতায় ব্র্যাক এই কার্যক্রম বাস্তবায়ন করবে। আপাতত দুটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।
একটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বস্তি, পোশাক কারখানা এবং ৩টি কারাগারে যক্ষ্মারোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হবে। যেসব কারাগারে এই সেবা দেওয়া হবে সেগুলো হচ্ছে—কাশিমপুর, চট্টগ্রাম ও সিলেট। অন্য গাড়ির মাধ্যমে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে এই সেবা দেওয়া হবে।
রবিবার বিকালে হাতিরঝিলের মুক্তমঞ্চে ভ্রাম্যমাণ এক্স-রে গাড়ির মাধ্যমে চিকিত্সা সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ব্যতিক্রমী এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
এক্সরে ও অত্যাধুনিক জিন এক্সপার্ট সংযুক্ত বিশেষ ধরনের এই ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রতিদিন ৫০-৮০ জন রোগী এক্সরে করার সুযোগ পাবেন। এক জন ল্যাব টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার এর মাধ্যমে সম্ভাব্য রোগীকে তাত্ক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন পদ্ধতিতে দ্রুত ফলাফল জানিয়ে দেওয়া হবে। বিপুল সংখ্যক মানুষের চাহিদার নিরিখে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে এরকম আরো দুটি ভ্যান গাড়ি চালু হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজেস ও ওয়াশ কর্মসূচির পরিচালক ড. মো. আকরামুল ইসলাম, একই সংস্থার কমিউনিকেবল ডিজিজেস (টিবি কন্ট্রোল) কর্মসূচির সহযোগী পরিচালক ডা. মাহফুজা রিফাত এবং বিভিন্ন দাতা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
