করোনা ভাইরাসের ভয়াল থাবা এবার নিউ ইয়র্কে

আপডেট : ০২ মার্চ ২০২০, ২৩:৩২

জোরালো সতর্কতার পরও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস থাবা দিয়েছে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের ম্যানহাটনের ৩০ বছর বয়সি এক নারীসহ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য দফতর। ওয়াশিংটন রাজ্যে একজনসহ মারা গেছেন এ পর্যন্ত দুই জন।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্রু ক্যুমো  নিউ ইয়র্ক সিটির এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত এ খবর দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো নিউ ইয়র্কে। এর ফলে বাংলাদেশিদের মাঝেও ভয় আর আতঙ্ক দেখা দিয়েছে।

গভর্নর ক্যুমো দাবি করেন, ভাইরাসে আক্রান্ত নারী নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের বাসিন্দা। অনেক আগে তিনি ইরান সফরে গিয়েছেন। কিন্তু তার দেহে কীভাবে করোনা ভাইরাস প্রবেশ করল—এ বিষয়ে গবেষণা অব্যাহত রয়েছে। আপাতত ঐ নারীকে ম্যানহাটনে তার নিজের অ্যাপার্টমেন্টেই রাখা হয়েছে। তবে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করতে পারে এমন শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর। অন্যদিকে সিটি মেয়র বিল ডি ব্লাজিও সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সানফ্রান্সিসকোসহ কয়েকটি শহরে জারি করা হয়েছে স্বাস্থ্যগত জরুরি অবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়ে কয়েকটি আক্রান্ত দেশে ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানান।